ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যরা মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে শপথ নিয়েছেন। তবে একই দিন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার বিষয়ে বিএনপির সংসদ সদস্যরা অংশ নেবেন না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার সকালে সংসদ ভবনের শপথ কক্ষে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধান সংস্কার পরিষদের শপথের জন্য ফরম থাকলেও বিএনপির কেউ এ পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হননি। তাছাড়া সংবিধানে এ পরিষদের বিষয়ে এখনো কোনো বিধান অন্তর্ভুক্ত করা হয়নি।
তিনি আরও বলেন, গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে তা আগে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। পাশাপাশি পরিষদের সদস্যদের কে শপথ পড়াবেন, সে বিষয়েও স্পষ্ট বিধান থাকা প্রয়োজন।
বিএনপির এ নেতা বলেন, সংবিধানে সংবিধান সংস্কার পরিষদের শপথের কোনো বিধান নেই। বিএনপি সংবিধান অনুযায়ী চলেছে এবং ভবিষ্যতেও সংবিধান মেনেই চলবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জোট ২১২টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। অন্যদিকে, ৬৮টি আসন নিয়ে সংসদে প্রধান বিরোধী দল হিসেবে অবস্থান নিতে যাচ্ছে জামায়াতে ইসলামী। দলটির সংসদীয় নেতা হিসেবে ডা. শফিকুর রহমানের নাম আলোচনায় রয়েছে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ