ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে মা ও ছেলে নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার শাহবাজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নরসিংদীর শিবপুর উপজেলার সৈয়দনগর গ্রামের বাসিন্দা আমজাদ হোসেন (৪৮) ও তার মা হাসিনা (৬৫)। এ ঘটনায় প্রাইভেটকারে থাকা আরও তিনজন আহত হয়েছেন। তারা হলেন আমজাদ হোসেনের ছেলে চাঁদ (১২), হৃদয় (২৫) এবং একই গ্রামের নিলুফা (৩৬)।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, ময়মনসিংহ পরিবহনের একটি বাস সিলেটের দিকে যাচ্ছিল। পথে শাহবাজপুর প্রথম গেইট এলাকায় বিপরীত দিক থেকে আসা ঢাকামুখী একটি প্রাইভেটকারের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারে থাকা পাঁচজন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে আমজাদ হোসেন ও তার মা হাসিনার মৃত্যু হয়। আহত অন্য তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরও জানান, নিহতদের মরদেহ খাঁটিহাতা হাইওয়ে থানার হেফাজতে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও প্রাইভেটকার জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ