রোববার (২২ ফেব্রুয়ারি) ভোরে আফগানিস্তানের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। পাকিস্তানি সামরিক বাহিনীর এই হামলায় পাকতিকা ও নানগারহার প্রদেশ লক্ষ্যবস্তু হয়েছে বলে জানিয়েছে আফগান সূত্র।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে আফগান সূত্র জানায়, পাকতিকা প্রদেশের একটি মাদ্রাসায় ড্রোন হামলা চালানো হয়েছে। এছাড়া নানগারহার প্রদেশের একটি স্থানেও হামলার ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত তালেবান সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
এদিকে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ও তাদের সহযোগী সংগঠনের সাতটি গোপন আস্তানা ও প্রশিক্ষণ ক্যাম্পে অভিযান চালানো হয়েছে। একই সঙ্গে ইসলামিক স্টেট সংশ্লিষ্ট একটি সংগঠনের ক্যাম্পেও হামলা করা হয়েছে বলে দাবি করেছে মন্ত্রণালয়।
বিবৃতিতে আরও বলা হয়, রাজধানী ইসলামাবাদের একটি মসজিদসহ সাম্প্রতিক কয়েকটি হামলার নির্দেশনা আফগানিস্তানভিত্তিক সশস্ত্র নেতারা দিয়েছেন—এমন তথ্য তাদের কাছে রয়েছে।
এর আগে শনিবার রাতে খাইবার পাখতুনখোয়ার বান্নু বিভাগে আত্মঘাতী হামলায় পাকিস্তান সেনাবাহিনীর এক লেফটেন্যান্ট কর্নেলসহ দুই সদস্য নিহত হন। এই ঘটনার পরপরই আফগানিস্তানের বিভিন্ন স্থানে হামলা চালানো হয়।
এরও আগে বাজাউরে নিরাপত্তা চৌকির কাছে আত্মঘাতী বোমা হামলায় ১১ সেনা ও এক শিশু নিহত হয়। পাকিস্তানের দাবি, এ হামলাটি আফগানিস্তানের এক নাগরিক চালিয়েছিল।
অন্যদিকে গত ৬ ফেব্রুয়ারি ইসলামাবাদের একটি শিয়া মসজিদে আত্মঘাতী হামলায় অন্তত ৩১ জন নিহত হন।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ