পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রে জনবল নিয়োগে অনিয়ম, দুর্নীতি, প্রতারণা ও স্বজনপ্রীতির অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দুই মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
রিটকারীর আইনজীবী মাসুদ আহমেদ সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রে জনবল নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়। পত্রিকায় প্রকাশিত নিয়োগসংক্রান্ত প্রতিবেদন সংযুক্ত করে এ রিট দায়ের করা হয়।
প্রতিবেদনে বলা হয়, দেশের গুরুত্বপূর্ণ ও ব্যয়বহুল এ প্রকল্পে দক্ষ ও যোগ্য জনবল নিয়োগের কথা থাকলেও নিয়োগ প্রক্রিয়া নিয়ে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগের মধ্যে রয়েছে জাল সনদ ব্যবহার, ভুয়া অভিজ্ঞতার তথ্য প্রদান, ঘুষ লেনদেন এবং স্বজনপ্রীতির মাধ্যমে নিয়োগ দেওয়ার বিষয়।
প্রকল্পের পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার দায়িত্বে থাকা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডে (এনপিসিবিএল) ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত একাধিক নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রায় এক হাজার ৮০০ জন জনবল নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক কর্মকর্তাকে রাশিয়ার রোসাটম টেকনিক্যাল একাডেমিতে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
তবে বিশেষ করে ২০১৯ ও ২০২৩ সালের নিয়োগ প্রক্রিয়া ঘিরে জাল সনদ, অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ প্রকাশ্যে আসার পর বিষয়টি তদন্তের জন্য আদালতের দ্বারস্থ হওয়া হয়।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ