রাজধানীর হাজারীবাগে স্কুলছাত্রী বিনতিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় সিয়াম নামে অভিযুক্ত এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যায় ব্যবহৃত ছুরি ও রক্তমাখা পোশাক উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে রাজধানীর কাঁঠালবাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে বুধবার রাতে হাজারীবাগের রায়েরবাজার এলাকায় নিজ বাসার সামনে ছুরিকাঘাতে নিহত হয় রায়েরবাজার হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী বিনতি। সে পরিবারের সঙ্গে হাজারীবাগের হায়দার আলী হোটেলের পাশের একটি ভাড়া বাসায় বসবাস করত।
ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক তরুণের সঙ্গে হেঁটে যাচ্ছিল বিনতি। শুরুতে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও পরে হঠাৎ হামলার ঘটনা ঘটে। আরেকটি ফুটেজে অভিযুক্ত তরুণকে হাতে থাকা রক্তমাখা ছুরি মুছতে দেখা যায়। একই সময় এক কিশোরীর চিৎকারও শোনা যায়।
আহত অবস্থায় পাশের একটি বাসার সামনে গিয়ে সাহায্য চান বিনতি। স্থানীয় এক নারী জানান, তিনি বিনতিকে জড়িয়ে ধরলে বিনতি হামলাকারীর নাম সিয়াম বলে উল্লেখ করে।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ঘটনাস্থলে লোকজন থাকলেও কেউ তৎক্ষণাৎ এগিয়ে আসেননি।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত বিনতির বাবা অভিযোগ করেন, একই স্কুলের এক শিক্ষার্থী দীর্ঘদিন ধরে তার মেয়েকে বিরক্ত করছিল। তিনি এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ