ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। রোববার সকালে এ খবর প্রচার করা হয়। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি, সিএনএন ও রয়টার্স প্রতিবেদন প্রকাশ করেছে।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানায়, দেশের সর্বোচ্চ নেতা ‘শাহাদাত বরণ করেছেন’। তার মৃত্যুতে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে সাত দিনের সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে ফারস নিউজ এজেন্সি।
রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, খামেনি দায়িত্ব পালনকালে তেহরানে তার দপ্তরে অবস্থান করছিলেন। সেখানেই হামলার ঘটনা ঘটে।
ইরানের রেভল্যুশনারি গার্ড এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে বলেছে, দেশ একজন গুরুত্বপূর্ণ নেতাকে হারিয়েছে। বিবৃতিতে তার নেতৃত্ব, ধর্মীয় অনুপ্রেরণা ও দৃঢ় অবস্থানের কথা উল্লেখ করা হয়।
তেহরানভিত্তিক বার্তা সংস্থা ইরনা জানায়, ইসরায়েলি ও মার্কিন হামলায় ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে খামেনির নিহত হওয়ার দাবি করেন।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার সকালে তেহরানে নিজ কার্যালয়ে হামলায় তিনি নিহত হন।
এদিকে আলজাজিরা জানিয়েছে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে হামলায় খামেনির পরিবারের আরও কয়েকজন সদস্য নিহত হওয়ার কথাও বলা হয়েছে।
তবে এ ঘটনার বিষয়ে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ