জামালপুর সদর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের বাগেরহাটা এলাকায় একটি পরিত্যক্ত গুদাম থেকে টিসিবির ১ হাজার ৪৪৪ লিটার ভোজ্য তেল জব্দ করেছে র্যাব-১৪।
রোববার বিকেলে র্যাব-১৪ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য ড্রাইভার মো. শাহীন ও দারোয়ান বিশাল নামের দুইজনকে আটক করা হয়।
র্যাব ও ভোক্তা অধিকার অধিদপ্তর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নূর রাইস মিলের একটি পরিত্যক্ত গুদামে অভিযান চালানো হয়। গুদামের পশ্চিম পাশে ইট দিয়ে গোপনে পুঁতে রাখা এবং পৌরসভার বজ্র অপসারণকারী ভ্যান থেকে টিসিবির ৭২২ বোতল ভোজ্য তেল জব্দ করা হয়। প্রতিটি বোতলে দুই লিটার করে তেল থাকায় মোট ১ হাজার ৪৪৪ লিটার তেল উদ্ধার করা হয়েছে।
র্যাব-১৪ সিপিসি-১-এর কোম্পানি কমান্ডার মেজর লাবিব জানান, অধিকাংশ বোতল থেকে টিসিবির মোড়ক ও প্লাস্টিক সিল অপসারণ করা হয়েছে। কিছু বোতলে এখনও মোড়ক অক্ষত রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বেশ কিছু তেল বোতল থেকে ড্রামে ভরে বিক্রি করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জামালপুর ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম বলেন, আটক দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে এ ঘটনায় মামলা দায়ের করা হবে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ