বগুড়ার নন্দীগ্রামে এক নারীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় কলেজ ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে পৌর ছাত্রদল সভাপতির বিরুদ্ধে। আহত ফিরোজ আহম্মেদ শাকিল নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ ছাত্রদল সভাপতি।
রোববার (১ মার্চ) সন্ধ্যায় নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। আহত শাকিল বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পরিবারের অভিযোগ, রাব্বি নামের এক যুবক নন্দীগ্রামের মাঝগ্রামে এক নারীকে উত্ত্যক্ত করার সময় বাধা দেন কলেজ ছাত্রদল সভাপতি শাকিল। রাব্বি নন্দীগ্রাম পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনের অনুসারী। এ ঘটনায় দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়।
ইফতার শেষে শাকিল বাসস্ট্যান্ডে আড্ডা দিতে গেলে অভিযুক্ত পলিন ১০ থেকে ১৫ জনের সাথে মিলে তার ওপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করেন এবং পালিয়ে যান।
ঘটনার খবর পেয়ে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন রাতেই হাসপাতালে গিয়ে আহত শাকিলের খোঁজখবর নেন। মোশারফ হোসেন বলেন, অভিযুক্তকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং সাংগঠনিক ব্যবস্থাও গ্রহণ করা হবে। শাকিলের অবস্থা এখন আশঙ্কামুক্ত।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে চেষ্টা চলছে এবং ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা নথিভুক্ত করা হবে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ