জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, গণভোট অধ্যাদেশ এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ কেন অবৈধ ঘোষণা করা হবে না—এ মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার (৩ মার্চ) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলাম শাহীনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
এর আগে ২ মার্চ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ স্থগিত চেয়ে করা রিটের ওপর আদেশের জন্য দিন ধার্য ছিল। ২৫ ফেব্রুয়ারি ‘জুলাই জাতীয় সনদ–২০২৫’-এর কার্যক্রম স্থগিত চেয়ে দায়ের করা রিট শুনানির জন্য ১ মার্চ নির্ধারণ করেন হাইকোর্ট। ওইদিন রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করলে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের বেঞ্চ নতুন করে দিন ধার্য করেন।
‘জুলাই জাতীয় সনদ–২০২৫’-এর কার্যক্রম স্থগিত চেয়ে গত ১৮ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ রিটটি দায়ের করেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. দোলোয়ার হোসেন খান। পরে তিনি সাংবাদিকদের জানান, সরকারপক্ষ সময়ের আবেদন করেছে।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটে ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করলে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের উদ্যোগ নেয় সরকার। এর ধারাবাহিকতায় গত বছরের ১৭ অক্টোবর ‘জুলাই জাতীয় সনদ–২০২৫’ স্বাক্ষরিত হয়।
রিট আবেদনে বলা হয়েছে, জুলাই জাতীয় সনদ–২০২৫ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সনদের কার্যক্রম স্থগিত রাখার আবেদনও জানানো হয়েছে। রিটে দাবি করা হয়, অন্তর্বর্তী সরকারের অধীনে জুলাই জাতীয় সনদের মাধ্যমে আয়োজিত গণভোট অসাংবিধানিক ও অবৈধ। এ ধরনের গণভোট সংবিধানের ৬৫, ১২৩(৩) ও (৪), ৩১ অনুচ্ছেদ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)-এর ১১ অনুচ্ছেদের পরিপন্থি বলে উল্লেখ করা হয়েছে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ