কিশোরগঞ্জের কুলিয়ারচরে নিখোঁজের ২৬ দিন পর চার মাস বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ মার্চ) সকালে উপজেলার ছয়সূতী ইউনিয়নের দাড়িয়াকান্দি এলাকায় বাড়ির পেছনের একটি সেপটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শিশুটি ওই এলাকার শাহীন মিয়ার ছেলে।
পরিবারের সদস্যরা জানান, গত ৫ ফেব্রুয়ারি সকালে শিশুটির মা তাকে ঘরের দোলনায় শুইয়ে রেখে বাড়ির পাশেই ঝাড়ু দিতে যান। কিছু সময় পর সাত বছর বয়সী বড় ছেলে এসে জানায়, দোলনায় ছোট ভাইকে দেখা যাচ্ছে না। পরে পরিবারের লোকজন ঘর ও আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও শিশুটির সন্ধান পাননি। এ ঘটনায় কুলিয়ারচর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
মঙ্গলবার সকালে শিশুটির দাদা বাড়ির পেছনের টয়লেটের ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ভেতরে মরদেহটি দেখতে পান এবং সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ আহমেদ বলেন, নিখোঁজের পর থেকেই বিষয়টি তদন্তাধীন ছিল। মরদেহ উদ্ধারের পর ঘটনাটি আরও গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ