মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা দেখা দেওয়ায় বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
বুধবার (৪ মার্চ) দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির প্রভাব শুধু বাংলাদেশের ওপর নয়, পুরো বিশ্বের জ্বালানি বাজারেই পড়ছে। নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে, যাতে কোনো ধরনের সংকট তৈরি না হয়।
তিনি জানান, যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তার বিষয়টি উত্থাপন করা হয়েছে। পল কাপুর এ বিষয়ে মার্কিন প্রশাসনের উচ্চপর্যায়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন। তবে জ্বালানি সাশ্রয়ী ব্যবহারের মাধ্যমে ঈদের ছুটি পর্যন্ত কিংবা মার্চ মাসজুড়ে বিদ্যমান মজুত দিয়েই চাহিদা মেটানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।
এ সময় তিনি আরও বলেন, দেশে হঠাৎ করে ডিজেলের বিক্রি বেড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাংলাদেশ থেকে ভারতে তেল পাচার হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় সীমান্ত এলাকায় নজরদারি জোরদারের জন্য বিজিবিকে নির্দেশ দেওয়া হয়েছে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ