কাউকে না জানিয়ে হঠাৎ রাজধানীর জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম এ মুহিত। পরিদর্শনে গিয়ে হাসপাতালের বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার চিত্র দেখতে পান তারা।
রোববার (৮ মার্চ) সকাল ৯টার দিকে মন্ত্রী ও প্রতিমন্ত্রী আকস্মিকভাবে হাসপাতালটিতে যান। প্রায় দেড় ঘণ্টা ধরে তারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন। এ সময় রোগীদের স্বজনরা চিকিৎসাসেবা, খাবারের মান এবং অন্যান্য বিষয়ে নানা অভিযোগ তুলে ধরেন।
পরিদর্শনের সময় হাসপাতালের বিছানায় ছারপোকার উপস্থিতি, নিম্নমানের খাবার পরিবেশন এবং অনেক চিকিৎসকের সময়মতো উপস্থিত না থাকার বিষয়টি সামনে আসে।
পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনায় নানা সমস্যা রয়েছে। এমনকি সরেজমিনে এসে কতজন চিকিৎসক অনুপস্থিত রয়েছেন, সেই তথ্যও তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তিনি এ অবস্থার জন্য হাসপাতালের পরিচালকের অদক্ষতাকে দায়ী করেন।
মন্ত্রী আরও বলেন, হাসপাতালের বিছানাপত্রে ছারপোকার সমস্যা রয়েছে এবং খাবারের মান নিয়েও অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি চিকিৎসকদের সময়মতো দায়িত্ব পালনের বিষয়েও অসঙ্গতি দেখা গেছে।
প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম এ মুহিত বলেন, দেশের প্রধান মানসিক হাসপাতাল হওয়া সত্ত্বেও এখানে নেতৃত্বের সংকট রয়েছে। অব্যবস্থাপনার কারণে রোগীরা প্রত্যাশিত সেবা পাচ্ছেন না। সমস্যাগুলো দ্রুত সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. মাহবুবুর রহমান বেশিরভাগ অভিযোগ স্বীকার করে পরিস্থিতি উন্নয়নের আশ্বাস দেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, কয়েক দিনের মধ্যে আবারও হাসপাতালটি পরিদর্শন করা হবে। সে সময় কোনো অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ