ঢাকার সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের আক্রান মন্ডলপাড়া এলাকায় আদালতের আদেশে প্রশাসনের উদ্যোগে অবৈধ দখল উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। দীর্ঘদিন ধরে দখল নিয়ে চলমান বিরোধের জেরে পরিচালিত এ অভিযানে জমিটি দখলমুক্ত করা হয় এবং প্রকৃত মালিককে বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সাভারের আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেন খান এর নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে। এ সময় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মন্ডলপাড়া এলাকার বাসিন্দা রানুয়ারা বেগমের স্বামী মরহুম হাজী রফিকুল ইসলাম জীবিত অবস্থায় ওই এলাকায় একটি জমি ক্রয় করেন। পরবর্তীতে তিনি হেবা দলিলের মাধ্যমে সেই জমিটি তার স্ত্রী রানুয়ারা বেগমের নামে প্রদান করেন। সে সময় তাদের ছেলে শেখ মোহাম্মদ রায়ানুল ইসলাম নাবালক থাকায় জমিটির দেখভাল পরিবারের পক্ষ থেকেই পরিচালিত হচ্ছিল।
পরবর্তীতে শেখ মোহাম্মদ রায়ানুল ইসলাম সাবালক হওয়ার পর পারিবারিক সূত্রে জমিটির মালিকানা তার কাছে আসে। তবে অভিযোগ রয়েছে, স্থানীয় সিদ্দিক মিয়া ও তার স্ত্রী পারভিন আক্তার দীর্ঘদিন ধরে ওই জমিটি অবৈধভাবে দখল করে রেখেছিলেন। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সমাধানের চেষ্টা করা হলেও কোনো সমাধান না হওয়ায় ভুক্তভোগী পরিবার আদালতের শরণাপন্ন হন।
পরবর্তীতে আদালতের আদেশের প্রেক্ষিতে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম এর দিকনির্দেশনায় উপজেলা প্রশাসন ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে এবং অবৈধ দখল উচ্ছেদ করে জমিটি দখলমুক্ত করে।
অভিযান শেষে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আইন অমান্য করে অন্যের জমি দখল করার কোনো সুযোগ নেই। এ ধরনের অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে এবং অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তি হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসী প্রশাসনের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ