সরকারের নির্বাহী আদেশে আগামী ১৮ মার্চ ছুটি ঘোষণা করা হওয়ায় ঈদের ছুটির সঙ্গে ওই দিনও দেশের সব আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার (১০ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ (ডিএফআইএম) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে।
নির্দেশনায় বলা হয়, শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে পূর্বনির্ধারিত ছুটির মাঝামাঝি ১৮ মার্চ একদিনের সরকারি ছুটি ঘোষণা করে সরকার প্রজ্ঞাপন জারি করেছে। এর পরিপ্রেক্ষিতে ওই দিন দেশের সব আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
আর্থিক প্রতিষ্ঠান আইন, ২০২৩-এর ৪১(২)(ঘ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনাটি দেশে কার্যরত সব আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
এর আগে চলতি বছর রমজান মাস ৩০ দিন ধরে ২১ মার্চ ঈদুল ফিতরের সাধারণ ছুটি নির্ধারণ করেছে সরকার। ঈদের আগে ও পরে ১৯ ও ২০ মার্চ এবং ২২ ও ২৩ মার্চ—এই চার দিন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে।
ঈদের ছুটি শুরুর আগের দিন ১৭ মার্চ শবে কদরের সরকারি ছুটি রয়েছে। এর সঙ্গে নতুন করে ১৮ মার্চ ছুটি ঘোষণা হওয়ায় সব মিলিয়ে আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা টানা সাত দিনের ছুটি পাবেন।
এদিকে, ঈদের ছুটির পর ২৪ ও ২৫ মার্চ অতিরিক্ত ছুটি নিতে পারলে টানা ১২ দিনের ছুটি উপভোগের সুযোগ তৈরি হতে পারে। কারণ ২৬ মার্চ স্বাধীনতা দিবসের সরকারি ছুটির পর ২৭ ও ২৮ মার্চ সাপ্তাহিক ছুটি রয়েছে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ