বিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু হয়েছে। এতে সভাপতিত্ব করছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১১ মার্চ) বেলা সোয়া ১১টার দিকে জাতীয় সংসদ ভবনে এ বৈঠক শুরু হয়। জাতীয় সংসদ সচিবালয় সোমবার (৯ মার্চ) এ তথ্য জানিয়েছিল।
এর আগে সরকারদলীয় সব সংসদ সদস্যকে (এমপি) বৈঠকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানান চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেন, সভায় সভাপতিত্ব করবেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিএনপি সূত্রে জানা গেছে, বৈঠকে নতুন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনসহ প্রথম অধিবেশনের শুরুর আনুষ্ঠানিকতা নিয়ে আলোচনা হতে পারে।
২০২৪ সালের ৫ আগস্ট গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১২ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের অধীনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে বিএনপি। সংবিধান অনুযায়ী, সাধারণ নির্বাচনের ফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংসদের অধিবেশন আহ্বান করতে হয়।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। এদিন সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে নতুন সংসদের প্রথম অধিবেশন শুরু হবে।
সাধারণত সংসদের প্রথম অধিবেশন দীর্ঘ সময় ধরে চলে। তবে এবারের অধিবেশন কত দিন চলবে তা এখনও নির্ধারিত হয়নি। কার্য উপদেষ্টা কমিটি গঠনের পর ওই কমিটির বৈঠকে অধিবেশনের সময়সূচি চূড়ান্ত করা হবে।
বিএনপি সূত্রে আরও জানা গেছে, সংসদের গুরুত্বপূর্ণ পদগুলোতে অভিজ্ঞ ও গ্রহণযোগ্য নেতাদের বসাতে চায় দলটি। স্পিকার পদে দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, হাফিজ উদ্দিন আহমদ এবং সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুকের নাম আলোচনায় রয়েছে। এদের মধ্যে হাফিজ উদ্দিন আহমদের নাম বেশি গুরুত্ব পাচ্ছে।
সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকায় সাধারণত ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থীই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হন। তবে এবার ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দল জামায়াতে ইসলামীকে দেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি। জামায়াত এ প্রস্তাব গ্রহণ করবে কি না, তা এখনও নিশ্চিত নয়। বিষয়টি নিয়ে আজ বিরোধী দলের বৈঠকে সিদ্ধান্ত হতে পারে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ