সাভারের দক্ষিণ নামাগেন্ডা এলাকায় পূর্ব বিরোধের জের ধরে আইয়ুব খান নামে এক হোটেল ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে। এতে শাহাদাৎ নামে অপরপক্ষেরও একজন আহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষই থানায় অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, দক্ষিণ নামাগেন্ডা এলাকার বাসিন্দা আইয়ুব খান দীর্ঘদিন ধরে 'ভাই ভাই খাবার হোটেল' পরিচালনা করে আসছেন। মঙ্গলবার রাত ৯টার দিকে তিনি তার হোটেলের সামনে অবস্থান করছিলেন। এ সময় পূর্ব বিরোধের জের ধরে একই এলাকার শাহাদাৎ হোসেন, সাকিব, মকবেলসহ ১০-১২ জন দেশিয় অস্ত্র নিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়। এসময় লোহার রড ও লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে আহত করে। একপর্যায়ে হামলাকারীরা তার পরিহিত শার্ট ছিঁড়ে ফেলে এবং শার্টের বুক পকেটে থাকা নগদ ৩৫ হাজার টাকা নিয়ে যায় বলেও অভিযোগ করা হয়েছে।
পরে স্থানীয়দের সহায়তায় আইয়ুব খানকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
তবে এ ঘটনায় সাকিব খান বাদী হয়ে পাল্টা অভিযোগ দিয়েছেন সাভার মডেল থানায়। সেখানে বলা হয়, প্রতিবেশী গার্মেন্টস কর্মী রিয়া মনিকে উদ্দেশ্য করে অশ্লীল মন্তব্য করা থেকে ঘটনার সূত্রপাত। এর প্রতিবাদ করায় শাহাদাৎ হোসেনকে মারধর করে গুরুতর আহত করে প্রতিপক্ষের লোকজন। তিনিও সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা নিয়েছেন।
এ বিষয়ে সাভার মডেল থানা পুলিশ জানিয়েছে, অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ