ভোটের কালি শুকানোর আগেই জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে সরকার—এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৪ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইমাম, মুয়াজ্জিন ও বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতাদের সরকারি সম্মানি প্রদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা মানুষদের সহায়তা ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেশে আর্থিক বৈষম্য কমানো হবে। জাতীয় নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির কথা উল্লেখ করে তিনি বলেন, জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করেছে এবং ভোটের কালি মুছে যাওয়ার আগেই ধারাবাহিকভাবে সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারীদের জন্য ইতোমধ্যে ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের চার কোটি পরিবার এ সুবিধার আওতায় আসবে। এছাড়া আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখ থেকে কৃষক কার্ডের পাইলট প্রকল্প চালু করা হবে। ১৬ মার্চ দিনাজপুর থেকে শুরু হবে খাল খনন কর্মসূচি। একইসঙ্গে খতিব, ইমাম, মুয়াজ্জিন এবং অন্যান্য ধর্মের ধর্মীয় নেতাদের জন্য আর্থিক সহায়তা বা সম্মানী প্রদানের পাইলট কর্মসূচিও শুরু হয়েছে।
তারেক রহমান বলেন, দেশের প্রতিটি নাগরিকের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করে রাষ্ট্রকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করানোই সরকারের লক্ষ্য। যাতে ভবিষ্যতে কোনো ফ্যাসিবাদী শক্তি বা তাদের সহযোগীরা মানুষের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকার কেড়ে নিতে না পারে।
তিনি আরও বলেন, নাগরিকদের দুর্বল করে রাখলে রাষ্ট্র কখনো শক্তিশালী হতে পারে না। তাই ধাপে ধাপে জনগণকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে শক্তিশালী করে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার রাষ্ট্রের সামর্থ্যের সর্বোচ্চ ব্যবহার করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। পাশাপাশি নাগরিকদেরও রাষ্ট্র ও সমাজের প্রতি দায়িত্ববোধ থাকা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
মানবিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, কেবল অর্থনৈতিক সমৃদ্ধি মানুষের জীবনে পূর্ণতা আনে না। ধৈর্য, সততা, কৃতজ্ঞতা, শ্রদ্ধা, সহনশীলতা, উদারতা ও দায়িত্ববোধের মতো গুণাবলি অর্জনের মাধ্যমে একজন মানুষ প্রকৃত অর্থে মানবিক হয়ে ওঠে। এসব গুণাবলি বিকাশে ধর্মীয়, সামাজিক ও নৈতিক মূল্যবোধ জাগ্রত থাকা অত্যন্ত জরুরি, বিশেষ করে ভবিষ্যৎ নেতৃত্বের জন্য।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ