বাগেরহাটের মোল্লাহাটে সোহাগ শেখ (৪২) নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৪ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মোল্লাহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সোহাগ শেখ উপজেলার উদয়পুর গ্রামের দাউদ শেখের ছেলে। তিনি মোল্লাহাট বাজারে ঢেউটিনের একটি দোকানের মালিক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের দিকে দোকান বন্ধ করে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন সোহাগ শেখ। বাজারের পশ্চিম পাশে একটি পানের দোকানের সামনে পৌঁছালে মোটরসাইকেলে আসা অজ্ঞাত দুই দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তিনি সড়কে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রাজিব কুমার পাল জানান, হাসপাতালে নেওয়ার আগেই সোহাগ শেখের মৃত্যু হয়েছে। তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রমজানুল হক বলেন, মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি সোহাগ শেখকে গুলি করে দ্রুত পালিয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার শরীরে তিনটি গুলি লেগেছে।
তিনি আরও বলেন, মরদেহ বর্তমানে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে বিস্তারিত জানা যাবে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ