শেরপুর-৩ ও বগুড়া-৬ সংসদীয় আসনের নির্বাচনে আজ সোমবার থেকে প্রার্থীদের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু হচ্ছে।
নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, এই দুই আসনের ভোটগ্রহণ আগামী ৯ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে অনুষ্ঠিত হবে। বিধি অনুযায়ী ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে সব ধরনের নির্বাচনী প্রচার বন্ধ রাখতে হবে।
রবিবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
শেরপুর-৩ আসন
শেরপুর-৩ আসনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, এই আসনের সাধারণ নির্বাচনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি মনোনীত মো. মাহমুদুল হক রুবেল ধানের শীষ প্রতীক, জামায়াতে ইসলামী মনোনীত মো. মাসুদুর রহমান দাঁড়িপাল্লা প্রতীক এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর এক প্রার্থী কাঁচি প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় জামায়াতে ইসলামীর প্রার্থী মৃত্যুবরণ করায় এই আসনের নির্বাচন বাতিল করা হয়েছিল। পরে নতুন তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন
বগুড়া-৬ আসনের রিটার্নিং কর্মকর্তা মো. ফজলুল করিম জানান, এই আসনের উপ-নির্বাচনেও তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপির প্রার্থী মো. রেজাউল করিম বাদশা ধানের শীষ প্রতীক এবং জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আবিদুর রহমান দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এছাড়া বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির এক প্রার্থী ফুলকপি প্রতীক পেয়েছেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে বিএনপি চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত হন। তবে একই সঙ্গে দুটি আসনের সদস্য থাকা সম্ভব না হওয়ায় তিনি ঢাকা-১৭ আসনটি রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন। পরে আসনটি শূন্য ঘোষণা করে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ