স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ স্পষ্টভাবে জানিয়েছেন, পুলিশ কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়; বরং এটি জনগণের নিরাপত্তা ও সেবায় নিয়োজিত একটি প্রতিষ্ঠান।
শনিবার সকালে বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদায় অনুষ্ঠিত ৪৩তম বিসিএস শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, সরকারের লক্ষ্য হলো একটি আধুনিক, দক্ষ ও মানবিক পুলিশ বাহিনী গড়ে তোলা। নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী, পুলিশকে দলীয় প্রভাবমুক্ত করে জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। এ লক্ষ্যে জনবল বৃদ্ধি এবং কাঠামোগত উন্নয়নের পাশাপাশি একটি স্বাধীন ও শক্তিশালী পুলিশ সংস্কার কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, পুলিশের বর্তমান পোশাক নিয়ে বাহিনীর সদস্যদের মধ্যে কিছু অসন্তোষ রয়েছে। তাই ঐতিহ্য ও পেশাদারিত্বের সমন্বয়ে নতুন পোশাক প্রবর্তনের বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ে বিবেচনা করা হচ্ছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকির, পুলিশ একাডেমির অধ্যক্ষ জিএম আজিজুল রহমান এবং উপাধ্যক্ষ বসু দেব বণিকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, এবারের সমাপনী কুচকাওয়াজে মোট ৭২ জন শিক্ষানবিশ পুলিশ সুপার অংশ নেন, যার মধ্যে ৬৬ জন পুরুষ এবং ৬ জন নারী।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ