জ্বালানি তেল পরিবহনের কাজে নিয়োজিত একটি ট্যাংকলরির চালকসহ তিন শ্রমিককে ভ্রাম্যমাণ আদালতের জেল ও জরিমানা দেওয়ার প্রতিবাদে রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছে।
রোববার (২৯ মার্চ) সকাল ৮টা থেকে পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো থেকে তেল বহনকারী ট্যাংকলরি শ্রমিকরা এ কর্মসূচি পালন করছেন। এ কর্মসূচিতে একাত্মতা জানিয়েছে দিনাজপুর জেলা পেট্রোল পাম্প মালিক সমিতি।
গত শনিবার (২৮ মার্চ) পার্বতীপুর থেকে নীলফামারীর দিকে যাওয়ার সময় লরির যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। গাড়ির কেবিন খুলে চালক শ্রী কৃষ্ণ এবং হেলপার রিফাত মেরামতের কাজ করছিলেন। এ সময় নীলফামারীর নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ ভূইয়া রাস্তার পাশে লরি দেখে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। লরির কেবিনে দুটি জারকিনে ১০ লিটার পেট্রোল ও ২ লিটার ডিজেল পাওয়া যায়। অবৈধ তেল পাচারের অভিযোগে ম্যানেজার একরামুল হক, চালক শ্রী কৃষ্ণ ও হেলপার রিফাতকে ৬ মাসের কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা করা হয়।
রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান জানিয়েছেন, অভিযুক্ত শ্রমিকদের মুক্তি এবং এনডিসি নিয়াজ ভূইয়াকে বদলি না করলে কর্মসূচি অব্যাহত থাকবে।
এ বিষয়ে দিনাজপুর জেলা পেট্রোল পাম্প ও জ্বালানি তেল পরিবেশক সমিতির সভাপতি এটিএম হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক রজব আলী সরকারও শ্রমিক ইউনিয়নের কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ