রাজধানীর শ্যামপুরে ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শেখ ফরিদ (৫২) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আরও দুজন আহত হয়েছেন।
রোববার (২৯ মার্চ) দুপুর দেড়টার দিকে শ্যামপুর বাজারের ইকোপার্ক সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় ফরিদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বিকেল ৫টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মামা সোয়াইব মোর্শেদ জানান, ফরিদের বাড়ি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার ভালাশপুর গ্রামে। তার বাবার নাম মৃত ওবায়দুল্লাহ। বর্তমানে তিনি রাজধানীর কদমতলী এলাকার পলাশপুরে বসবাস করতেন এবং ভ্যানে করে জামাকাপড় বিক্রি করতেন।
তিনি আরও জানান, মালামাল কেনার উদ্দেশ্যে ফরিদ কদমতলী থেকে সিএনজি অটোরিকশায় করে কেরানীগঞ্জ যাচ্ছিলেন। পথে শ্যামপুর বাজার এলাকায় একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় ইয়ামিন (৩০) নামে আরও এক যাত্রী ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মুসাহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছেন। আহত সিএনজি চালক একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ