বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক’ বলে মন্তব্য করার অভিযোগে মুফতি আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) দুপুরে সিরাজগঞ্জের একটি আদালতে অ্যাডভোকেট এস. এম. নাজমুল ইসলাম এ মামলা করেন।
মামলাটি আমলে নিয়ে বিচারক সুমন কুমার কর্মকার আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন। মামলায় অভিযুক্ত হিসেবে মুফতি আমির হামজাকে কুষ্টিয়ার সংসদ সদস্য ও জামায়াত নেতা হিসেবে উল্লেখ করা হয়েছে।
মামলার বাদী অ্যাডভোকেট এস. এম. নাজমুল ইসলাম জানান, ইকবাল হাসান মাহমুদ টুকু একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান এবং তিনি জেলায় বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানের উন্নয়নে ভূমিকা রেখে আসছেন। ২৬ মার্চ মুক্তিযোদ্ধাদের সম্মান জানাতে দেওয়া এক বক্তব্যকে কেন্দ্র করে আমির হামজা তাকে ‘নাস্তিক’ আখ্যা দিয়ে তার সম্মানহানি করেছেন বলে অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় দণ্ডবিধির ৫০০ ধারায় শত কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
মামলার আইনজীবী অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা বলেন, ইকবাল হাসান মাহমুদ টুকুর পারিবারিক ও রাজনৈতিক পরিচিতি রয়েছে এবং তিনি দুইবার মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তাকে ‘নাস্তিক’ বলে মন্তব্য করায় তার সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হয়েছে এবং এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।
এদিকে, এ মন্তব্যকে কেন্দ্র করে সিরাজগঞ্জের আইনজীবীদের মধ্যেও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা এ বক্তব্যের নিন্দা জানিয়ে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ