বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা এবং আমদানি ব্যয় বৃদ্ধির ফলে দেশের সামষ্টিক অর্থনীতিতে নতুন চাপ সৃষ্টি হয়েছে। জ্বালানি আমদানি ব্যয় বাড়লে চলতি হিসাবের ঘাটতি বৃদ্ধি পেতে পারে এবং বৈদেশিক মুদ্রাবাজারে অস্থিরতা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। এই প্রেক্ষাপটে নতুন সরকারের প্রথম বাজেটকে বাস্তবসম্মত ও সংস্কারমুখী হওয়া জরুরি বলে মনে করছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
মঙ্গলবার (৩১ মার্চ) রাজধানীর ধানমন্ডিতে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত ‘নতুন সরকারের প্রথম বাজেট নিয়ে ভাবনা’ শীর্ষক এক আলোচনায় এসব বিষয় তুলে ধরা হয়।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, রাজস্ব আহরণের ক্ষেত্রে দীর্ঘদিনের দুর্বলতা বাজেট বাস্তবায়নের অন্যতম বড় চ্যালেঞ্জ। নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় প্রায়ই সম্ভব হয় না, যার ফলে উন্নয়ন ব্যয় ও সামগ্রিক অর্থনৈতিক পরিকল্পনায় চাপ তৈরি হয়।
তিনি আরও বলেন, বিদ্যমান ঋণের চাপ এবং চলমান জ্বালানি সংকটের কারণে নতুন করে ঋণ নিয়ে অর্থনীতিকে এগিয়ে নেওয়া কঠিন হয়ে পড়েছে। বর্তমান মূল্যস্ফীতির হার ভবিষ্যতে আরও বাড়তে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।
ড. ভট্টাচার্য জোর দিয়ে বলেন, করের আওতা বাড়াতে হবে এবং এতদিন যারা করের বাইরে ছিলেন, তাদের অন্তর্ভুক্ত করতে হবে। একই সঙ্গে সাধারণ জনগণের ওপর করের হার কমানোর উদ্যোগ নেওয়া উচিত। পাশাপাশি সরকারি ব্যাংক ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের আয় বাড়ানোর দিকেও গুরুত্ব দিতে হবে; অন্যথায় ভর্তুকি দিয়ে এসব প্রতিষ্ঠান চালিয়ে যাওয়ার যৌক্তিকতা প্রশ্নের মুখে পড়বে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ