প্রেট্রোল পাম্পে নিরাপত্তা জোরদার, ডিপো থেকে ট্যাংকলরির ধারণক্ষমতা অনুযায়ী জ্বালানি সরবরাহ নিশ্চিত করাসহ ৮ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
মঙ্গলবার (৩১ মার্চ) রাজধানীর মগবাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চলমান জ্বালানি পরিস্থিতি নিয়ে এসব দাবি তুলে ধরে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে যে আতঙ্ক সৃষ্টি হচ্ছে, তা শুধু সংকটকে আরও বাড়িয়ে তুলছে না, বরং কৃত্রিম সংকট তৈরির ঝুঁকিও বাড়াচ্ছে। সাধারণ মানুষকে অহেতুক আতঙ্কিত না হয়ে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।
তারা আরও জানায়, সরকার ইতোমধ্যে নিশ্চিত করেছে যে দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে, যা দিয়ে বিদ্যমান পরিস্থিতি মোকাবিলা সম্ভব। তবে যদি সবাই একযোগে গাড়ির ট্যাঙ্ক পূর্ণ করার প্রতিযোগিতায় নামেন, তাহলে সরবরাহ ব্যবস্থায় চাপ সৃষ্টি হবে এবং তা ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হবে। আতঙ্কিত হয়ে অতিরিক্ত কেনাকাটা বাজারকে অস্থিতিশীল করে তোলে বলেও উল্লেখ করা হয়। পাশাপাশি, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজবে কান না দেওয়ার আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে ডিপো থেকে চাহিদামতো জ্বালানি না পাওয়ার অভিযোগও তুলে ধরে মালিক সমিতি। তাদের দাবি, অনেক ফিলিং স্টেশন প্রয়োজন অনুযায়ী জ্বালানি পাচ্ছে না। বিশেষ করে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের পাম্পগুলোর পরিস্থিতি তুলনামূলকভাবে বেশি দুর্বিষহ। অতিরিক্ত চাহিদার কারণে এসব অঞ্চলে সরবরাহ ব্যবস্থা চাপের মুখে পড়েছে বলে তারা উল্লেখ করে।
এ প্রেক্ষাপটে পাম্পে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা, তেল বিক্রির সময় সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত নির্ধারণ এবং ডিপো থেকে ট্যাংকলরির চেম্বারের ধারণক্ষমতা অনুযায়ী জ্বালানি সরবরাহসহ মোট ৮ দফা দাবি তুলে ধরা হয়।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ