গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন জেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মজুত করা মোট ৮৭ হাজার ৭০০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়েছে।
উদ্ধারকৃত জ্বালানির মধ্যে রয়েছে ৬৭ হাজার ৪০০ লিটার ডিজেল, ৬ হাজার ৪৪৪ লিটার অকটেন এবং ১৩ হাজার ৮৫৬ লিটার পেট্রোল।
মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি তেলের অবৈধ মজুত রোধ এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৩৯১টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ১৯১টি মামলা দায়ের করা হয়েছে এবং ৯ লাখ ৩৫ হাজার ৭০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এছাড়া অভিযানের সময় সাতক্ষীরায় একজনকে ২ মাস, চাঁদপুরে একজনকে ১ বছর এবং গাজীপুরে একজনকে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, জ্বালানি সরবরাহ নির্বিঘ্ন রাখতে এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে।
কোথাও অনিয়ম বা সন্দেহজনক কার্যক্রমের তথ্য পাওয়া গেলে ভিজিলেন্স টিমের নির্ধারিত নম্বরে যোগাযোগ করার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানানো হয়েছে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ