জনগণের কল্যাণে সরকারি অর্থ ব্যয় করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আগামী চার বছরে দেশের ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে।
বুধবার (১ এপ্রিল) সংসদের প্রশ্নোত্তর পর্বে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ঢাকা-১৭ আসনের ভোটারদের প্রতি তিনি কৃতজ্ঞ। যারা তাকে ভোট দেননি, তাদের প্রতিনিধিত্ব করাও তার দায়িত্ব। জনগণের উন্নয়নে সরকার আগামী ১৮০ দিন, আসন্ন অর্থবছর এবং পরবর্তী পাঁচ বছরের জন্য পরিকল্পনা গ্রহণ করেছে।
ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্যক্তির পরিবর্তে পরিবারের উন্নয়নই ফ্যামিলি কার্ডের মূল লক্ষ্য। এর মাধ্যমে পরিবার ও সমাজে নারীর ক্ষমতায়ন বাড়বে। ইতোমধ্যে ৩৭ হাজার ৮১৪ নারীকে এই কার্ড দেওয়া হয়েছে। আগামী তিন মাসে আরও ৩০ হাজার পরিবারকে অন্তর্ভুক্ত করা হবে। আর চার বছরের মধ্যে ৪ কোটি পরিবার এই সুবিধা পাবে।
কৃষকদের কল্যাণে কৃষক কার্ড চালুর বিষয়েও কাজ চলছে জানিয়ে তিনি বলেন, পহেলা বৈশাখে এই কার্ড চালু হবে। প্রথম পর্যায়ে ১০ জেলায় ২২ হাজার কৃষক এতে অন্তর্ভুক্ত হবেন। পর্যায়ক্রমে দেশের সব কৃষকের কাছে এটি পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
তবে এই কর্মসূচির বাজেট সম্পর্কে এখনই বিস্তারিত জানাতে চাননি প্রধানমন্ত্রী। তিনি বলেন, ফ্যামিলি ও কৃষক কার্ডধারীরা মাসে আড়াই হাজার টাকা করে পাবেন।
তিনি আরও বলেন, এই অর্থ বিতরণে নতুন করে টাকা ছাপানো হবে না, ফলে মূল্যস্ফীতির চাপ তৈরি হবে না। প্রাপকেরা এই অর্থ দেশের ভেতরেই ব্যয় করবেন, যা স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করবে।
কৃষকদের জন্য নেওয়া পদক্ষেপের কথা তুলে ধরে তিনি জানান, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। পাশাপাশি আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের কর্মসূচি শুরু হয়েছে।
শ্রমিকদের জন্য আলাদা কার্ড চালুর পরিকল্পনা নেই জানিয়ে তিনি বলেন, শ্রমিক কল্যাণে বরাদ্দ অর্থ যথাযথভাবে ব্যবহৃত হচ্ছে কি না, তা সরকার তদারকি করবে।
এছাড়া আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে এবং ধর্মীয় নেতাদের সম্মানি পৌঁছে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, আগামী ৩ থেকে ৫ বছরের মধ্যে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ