বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ২০০৭ সাল থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত ১ লাখ ৪২ হাজার ৯৮৩টি মিথ্যা ও হয়রানিমূলক মামলা করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
তিনি জানান, এসব মামলার মধ্যে ইতোমধ্যে ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে।
বুধবার (১ মার্চ) সংসদ অধিবেশনে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য মো. আবদুল মান্নানের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনে আইনমন্ত্রী বলেন, কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মোট কতগুলো হয়রানিমূলক বা মিথ্যা মামলা করা হয়েছে, তার কোনো সরকারি পরিসংখ্যান সংরক্ষণ করা হয় না। ফলে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মোট মামলার সুনির্দিষ্ট তথ্য সরকারের কাছে নেই।
তিনি আরও জানান, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০০৭ সাল থেকে ২০২৫ সালের ১১ জানুয়ারি পর্যন্ত দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে ১ লাখ ৪২ হাজার ৯৮৩টি মামলা হয়েছে, যা তারা মিথ্যা ও হয়রানিমূলক বলে দাবি করে।
আইনমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের লক্ষ্যে জেলা পর্যায়ে চার সদস্যের কমিটি পুনর্গঠন করা হয়েছে। এসব কমিটি মামলা সংক্রান্ত নথিপত্র ও পাবলিক প্রসিকিউটরের মতামত পর্যালোচনা করে যাচাই করছে, মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে কিনা।
তিনি আরও জানান, জনস্বার্থে মামলা চালিয়ে যাওয়ার প্রয়োজন না থাকলে এবং রাষ্ট্রের ক্ষতির আশঙ্কা থাকলে সেগুলো প্রত্যাহারের সুপারিশ করা হচ্ছে। জেলা পর্যায়ের সুপারিশ যাচাইয়ের জন্য ২০২৬ সালের ৮ মার্চ ছয় সদস্যের আরেকটি কমিটি গঠন করা হয়েছে, যারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
এ পর্যন্ত ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে এবং বাকি মামলাগুলো প্রত্যাহারের প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ