টেলিকম অবকাঠামোর জন্য অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে সরকারের প্রতি জরুরি আহ্বান জানিয়েছে অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (এমটব)।
বৃহস্পতিবার (২ এপ্রিল) প্রকাশিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
এমটব সতর্ক করে বলেছে, দীর্ঘস্থায়ী জ্বালানি বা বিদ্যুৎ সংকট দেশের টেলিযোগাযোগ ব্যবস্থাকে মারাত্মকভাবে ব্যাহত করতে পারে এবং ডিজিটাল অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ইতোমধ্যে মাঠপর্যায়ে টেলিকম কার্যক্রমে জ্বালানি সংকটের প্রভাব দেখা যাচ্ছে বলেও জানিয়েছে সংস্থাটি।
বিবৃতিতে বলা হয়, বৈশ্বিক জ্বালানি সংকট ও ভূ-রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে আগেই সরকারকে অবহিত করা হয়েছিল। সরকার সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সহায়তার নির্দেশনা দিলেও মাঠপর্যায়ে তার পূর্ণ বাস্তবায়ন এখনও দৃশ্যমান নয়।
এছাড়া সাম্প্রতিক ঝড়ের কারণে দেশের বিভিন্ন এলাকায় গ্রামীণ বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) বিদ্যুৎ বিভ্রাট বেড়েছে এবং অনেক ক্ষেত্রে বিদ্যুৎ পুনরুদ্ধারে সময় লাগছে। বর্ষা মৌসুমে এ পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
এই পরিস্থিতিতে এমটব একটি সমন্বিত সহায়তা কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছে। এর মধ্যে রয়েছে—গুরুত্বপূর্ণ টেলিকম স্থাপনা ও বিটিএস সাইটে অগ্রাধিকারভিত্তিক জ্বালানি সরবরাহ, রক্ষণাবেক্ষণ কার্যক্রমের জন্য আলাদা জ্বালানি বরাদ্দ, গুরুত্বপূর্ণ এলাকায় লোডশেডিং কমানো এবং দুর্যোগের পর দ্রুত বিদ্যুৎ পুনরুদ্ধার নিশ্চিত করা।
বাংলাদেশের টেলিকম অবকাঠামোতে প্রায় ৪৫ হাজার টাওয়ার, একাধিক ডেটা সেন্টার, নেটওয়ার্ক অপারেশন সেন্টার (এনওসি)সহ নানা গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। এসবের মাধ্যমে দেশের প্রায় ১০০ শতাংশ এলাকায় সাড়ে ১৮ কোটি মানুষের কাছে টেলিযোগাযোগ সেবা পৌঁছে দেওয়া হয়। এই বিশাল নেটওয়ার্ক সচল রাখতে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ অপরিহার্য।
বিদ্যুৎ বিভ্রাট বা প্রাকৃতিক দুর্যোগের সময় টেলিকম সেবা সচল রাখতে ডিজেল ও পেট্রোলচালিত জেনারেটরের ওপর নির্ভর করতে হয়। কিন্তু জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটলে পুরো নেটওয়ার্কই ঝুঁকির মুখে পড়ে।
এমটব আরও উল্লেখ করেছে, টেলিযোগাযোগ খাত এখন কেবল একটি সেবা নয়; এটি দেশের অর্থনীতি, জননিরাপত্তা, সরকারি সেবা, ডিজিটাল লেনদেন এবং দৈনন্দিন যোগাযোগের অন্যতম প্রধান ভিত্তি। নিরবচ্ছিন্ন সংযোগ ব্যাহত হলে ই-কমার্স, ব্যাংকিং, মোবাইল আর্থিক সেবা, করপোরেট কার্যক্রমসহ বিভিন্ন খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
এ অবস্থায় দেশের সার্বিক যোগাযোগ ব্যবস্থা সচল রাখতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে মোবাইল অপারেটররা।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ