জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি ঠেকাতে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান। তিনি বলেছেন, মজুতদারি ও কালোবাজারির মাধ্যমে যারা সংকট তৈরি করছেন, তাদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের সর্বোচ্চ শাস্তি—মৃত্যুদণ্ড—প্রয়োগ করা হতে পারে। এ বিষয়ে প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি নিজ দলের কেউ জড়িত থাকলেও আগে তাকে গ্রেফতারের নির্দেশ দেন তিনি।
শনিবার (৪ এপ্রিল) ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় একটি খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী অভিযোগ করেন, একটি মহল পরিকল্পিতভাবে তেলের সংকট তৈরি করছে। তারা একাধিকবার লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করে তা বাসায় মজুত করছে, যা পরিস্থিতিকে আরও জটিল করছে।
তিনি বলেন, এতদিন সরকার নমনীয় অবস্থানে ছিল, তবে প্রয়োজন হলে বিশেষ ক্ষমতা আইনের ধারা ২৫ অনুযায়ী কঠোর শাস্তি প্রয়োগ করা হবে। এ কারণে প্রশাসনকে আরও কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
দলের নেতাকর্মীদের বিষয়ে তিনি বলেন, কেউ যদি এই ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকে, তবে তাকে আগে গ্রেফতার করতে হবে। এমনকি তার পক্ষে কেউ তদবির করলে তাকেও আইনের আওতায় আনার নির্দেশ দেন তিনি।
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, জুলাই সনদ একটি স্বতন্ত্র বিষয়, এটি গণভোটের ওপর নির্ভরশীল নয়। সংবিধান সংশোধনের মাধ্যমে এটি বাস্তবায়ন করা হবে এবং এ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
মানবাধিকার কমিশন আইন, সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় আইন ও গুম কমিশন বাতিলের গুঞ্জন নাকচ করে তিনি জানান, এসব বিষয় পর্যালোচনা করে পরবর্তীতে নতুনভাবে আনা হবে।
কৃষক ও সাধারণ মানুষের কল্যাণে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, প্রথম মন্ত্রিসভা বৈঠকেই ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ ১২ লাখ কৃষকের জন্য মওকুফ করা হয়েছে। পাশাপাশি আগামী বাজেটে ব্যাপকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে, যার আওতায় ইতোমধ্যে ৩৮ হাজার পরিবার এসেছে।
বক্তব্যের শেষে তিনি জানান, চলতি মাসেই প্রধানমন্ত্রী তারেক রহমান শৈলকুপা সফরে আসতে পারেন এবং ওইদিন স্থানীয় জনগণকে তাকে স্বাগত জানানোর আহ্বান জানান।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ