মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব মোকাবেলায় জ্বালানি ব্যবস্থাপনায় সমন্বিত পরিকল্পনা নিয়েছে সরকারের বিদ্যুৎ বিভাগ। এই পরিকল্পনার আওতায় প্রতিদিন প্রায় ৩ হাজার ১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।
সরকারি ব্যয় কমানোর অংশ হিসেবে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সরকারি কাজে ব্যবহৃত গাড়ির জ্বালানির বরাদ্দ মাসিক ৩০ শতাংশ কম গ্রহণ করবেন। একই সঙ্গে সরকারি কর্মকর্তাদের গাড়ি কেনার জন্য সুদমুক্ত ঋণ সুবিধা আপাতত স্থগিত রাখা হয়েছে। এছাড়া সরকারি অর্থায়নে বিদেশে প্রশিক্ষণ বন্ধ এবং অভ্যন্তরীণ প্রশিক্ষণ ব্যয় ৫০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভা-সেমিনারের আপ্যায়ন ব্যয় অর্ধেকে নামিয়ে আনা হচ্ছে এবং সেমিনার ও কনফারেন্স সংক্রান্ত ব্যয় ২০ শতাংশ কমানো হবে।
এদিকে, ভ্রমণ ব্যয় ৩০ শতাংশ কমানোর পাশাপাশি সরকারি খাতে নতুন করে গাড়ি, নৌযান, উড়োজাহাজ ও কম্পিউটার কেনা সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।
সরকারি দপ্তরগুলোতে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানির ব্যবহার ৩০ শতাংশ হ্রাসের নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী তিন মাস সারা দেশে সব ধরনের আলোকসজ্জা পরিহারের আহ্বানও জানানো হয়েছে।
সরকার জানিয়েছে, বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি কৃষি, শিল্প উৎপাদন এবং সার সরবরাহ অব্যাহত রাখতে জ্বালানি সরবরাহে অগ্রাধিকার দেওয়া হবে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ