চব্বিশের জুলাই আন্দোলনের সময় ট্রাকচালক সুজন হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩২ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
রবিবার মোহাম্মদপুর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা, পুলিশের উপ-পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গত ৩১ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা এটিইউর পরিদর্শক শংকর কুমার ঘোষ আদালতে চার্জশিট জমা দেন। এ বিষয়ে আগামী বুধবার চার্জশিট গ্রহণের শুনানির দিন ধার্য রয়েছে।
চার্জশিটে উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন—সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, জাহাঙ্গীর কবীর নানক, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, সাবেক সংসদ সদস্য সাদেক খান, সাবেক কাউন্সিলর তারিকুজ্জামান রাজিব, আসিফ আহম্মেদ সরকার ও সলিমউল্লাহ সলু।
মামলার বিবরণে বলা হয়, ২০ জুলাই সন্ধ্যায় মোহাম্মদপুরের বছিলা রোডে ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ মিছিলে হামলা চালানো হয়। অভিযোগ অনুযায়ী, আসামিরা পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করে মিছিলে গুলি চালায়।
এ সময় ট্রাকচালক সুজন তার গাড়ি বেড়িবাঁধের লাউতলা পার্কিংয়ে রাখার উদ্দেশ্যে বের হলে গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার এক মাস পর, ২২ আগস্ট নিহত সুজনের ভাই রফিকুল ইসলাম মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ