নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উচ্ছেদ অভিযান চলাকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে।
রোববার (৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সওজ কর্তৃপক্ষ মহাসড়কের দুপাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করে। এ সময় স্থানীয় বিএনপির ১০-১৫ জনের একটি দল এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মহড়া দিচ্ছিল। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতেই তাদের সঙ্গে প্রতিপক্ষ আরেকটি দলের সংঘর্ষ বাধে। পরে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ লাঠিচার্জ করে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এর আগে শিমরাইল মোড়ে মহাসড়কের ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করে নারায়ণগঞ্জ সওজ বিভাগ। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা ও মাহমুদুল হাসান।
নারায়ণগঞ্জ সওজ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আহসান উল্লাহ তালুকদার জানান, সংঘর্ষের সঙ্গে উচ্ছেদ অভিযানের সরাসরি কোনো সম্পর্ক নেই। এটি স্থানীয় দুই পক্ষের অভ্যন্তরীণ বিরোধের জের ধরে ঘটেছে। তিনি বলেন, “আমাদের কাজে কোনো বাধা সৃষ্টি হয়নি। অভিযানে অন্তত ৫০০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।”
তিনি আরও জানান, অভিযানের আগেই অনেকেই স্বেচ্ছায় তাদের স্থাপনা সরিয়ে নিয়েছেন এবং এ উচ্ছেদ কার্যক্রম চলমান থাকবে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা বলেন, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে। পাশাপাশি মহাসড়ক দখলমুক্ত রাখতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ