ঘড়িতে সকাল ৮টা ৫৫ মিনিট। হঠাৎ করেই স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরে উপস্থিত হন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। উদ্দেশ্য—কর্মকর্তা-কর্মচারীরা নির্ধারিত সময়ে অফিসে আসছেন কি না, তা সরাসরি যাচাই করা। ঠিক সকাল ৯টা বাজতেই বন্ধ করে দেওয়া হয় সব প্রবেশপথ। এরপরই স্পষ্ট হতে থাকে উপস্থিতির চিত্র।
সোমবার (৬ এপ্রিল) সকালে প্রতিমন্ত্রী আকস্মিক এ পরিদর্শনে যান।
সরেজমিনে দেখা যায়, গেট বন্ধ হওয়ার পর অফিসে ঢোকার জন্য বাইরে জড়ো হন অনেক কর্মকর্তা-কর্মচারী। হঠাৎ এ পরিস্থিতিতে অনেকেই প্রথমে কিছুই বুঝতে পারেননি। পরে জানতে পারেন, সময়নিষ্ঠা যাচাই করতেই প্রতিমন্ত্রী নিজে উপস্থিত হয়েছেন।
এ সময় তিনি গেটের বাইরে দাঁড়িয়ে কর্মীদের সঙ্গে কথা বলেন এবং ভেতর থেকে উপস্থিতির তথ্য সংগ্রহ করেন।
পরবর্তীতে গণমাধ্যমকে তিনি জানান, সকাল ৯টা ১০ মিনিট পর্যন্ত প্রায় ৩২ শতাংশ কর্মকর্তা-কর্মচারী অফিসে উপস্থিত ছিলেন না, যা দুঃখজনক।
তিনি বলেন, যেখানে প্রধানমন্ত্রীসহ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা নির্ধারিত সময় মেনে চলছেন, সেখানে বিভিন্ন দফতরে দেরিতে আসার প্রবণতা গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এ ধরনের আকস্মিক পরিদর্শন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সতর্ক করেন প্রতিমন্ত্রী।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ