সাভারে শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে ব্যর্থতা, তার সঙ্গে পুলিশের কিছু সদস্যের সখ্যতার অভিযোগ এবং সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির ঘটনায় সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলীকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি মঙ্গলবার দুপুরে নিশ্চিত করেছেন শামীমা পারভীন।
জানা গেছে, গত ২২ মে সাভারের রাজাসন এলাকায় শীর্ষ মাদক ব্যবসায়ী শামীমের আস্তানায় সংবাদ সংগ্রহ করতে যান বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশ টিভি ও এসএ টিভি-এর তিন সাংবাদিক। এসময় অভিযুক্ত মাদক ব্যবসায়ী শামীমের সহযোগীরা সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় আহত সাংবাদিকদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পর সাংবাদিকদের পক্ষ থেকে ২১ জনের নাম উল্লেখ করে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হলেও এখনো পর্যন্ত মূল অভিযুক্ত শামীমকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ নিয়ে স্থানীয় সাংবাদিক মহলসহ সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়।
এদিকে তদন্তে উঠে আসে, অভিযুক্ত মাদক ব্যবসায়ীর সঙ্গে থানার কয়েকজন পুলিশ সদস্যের ঘনিষ্ঠ যোগাযোগ ও সখ্যতার অভিযোগ। এর প্রেক্ষিতে গতকাল সাভার মডেল থানার এক এসআই ও দুই এএসআইকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। একই ঘটনার ধারাবাহিকতায় আজ ওসি আরমান আলীকেও প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, “সাংবাদিকদের ওপর হামলার ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা যাচাই করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নিরপেক্ষ তদন্তের স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
স্থানীয় সচেতন মহল বলছে, সাভারে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও অপরাধ কর্মকাণ্ড নিয়ে নানা অভিযোগ থাকলেও কার্যকর পদক্ষেপের অভাবে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। সাংবাদিকদের ওপর হামলার মতো ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ