ঢাকার সাভারের বিরুলিয়া ইউনিয়নের বাগনি বাড়ি মহল্লায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে দুই সতীনের মেয়েদের মধ্যে সংঘর্ষ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করা হলে ঘটনাস্থলে ছুটে যান বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আল আমিন। তবে ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের তর্ক-বিতর্ক, চিৎকার ও পাল্টাপাল্টি অভিযোগে এক পর্যায়ে বিপাকে পড়তে হয় পুলিশ সদস্যদের।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার বাসিন্দা তারামিয়ার দুই স্ত্রীর মেয়েদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক নানা বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। সামান্য বিষয়কে কেন্দ্র করে শুক্রবার বিকেলে সেই বিরোধ তীব্র আকার ধারণ করে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা, ধাক্কাধাক্কি ও উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। পরিস্থিতি অবনতির আশঙ্কায় স্থানীয় কেউ ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ পৌঁছানোর পরও দুই পক্ষ নিজেদের অবস্থানে অনড় থাকে এবং একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে উচ্চস্বরে কথা বলতে থাকে। এসময় পরিস্থিতি সামাল দিতে গিয়ে বেশ বেগ পেতে হয় বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ এসআই আল আমিনকে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রতিবেশীদের সহায়তায় উভয় পক্ষকে শান্ত করা হয়।
এ বিষয়ে এসআই আল আমিন বলেন, “৯৯৯ কল পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। এটি মূলত পারিবারিক বিরোধ। দুই পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করা হয়েছে। ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে সে বিষয়ে সতর্ক করা হয়েছে।”
স্থানীয়রা জানান, ছোটখাটো পারিবারিক বিরোধ দ্রুত সমাধান না হলে তা বড় ধরনের সামাজিক অস্থিরতার কারণ হয়ে দাঁড়ায়। তারা এ ধরনের বিষয়ে পারিবারিকভাবে ও সামাজিকভাবে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ