সাভারে সাংবাদিকদের ওপর নৃশংস হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ও শীর্ষ মাদক ব্যবসায়ী শামীমসহ তিন সহযোগীকে আদালতে পাঠিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে প্রেরণ করে সাভার মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন পলাতক থাকার পর গত বুধবার কক্সবাজার সদর থানা এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি শামীমসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের সাভারে এনে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়।
উল্লেখ্য, গত ২২ মে মাদকসংক্রান্ত সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন এসএ টিভির সাভার প্রতিনিধি সাদ্দাম হোসেন, দেশ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার তাইফুর রহমান তুহিন এবং ক্যামেরাপারসন মনিরুল হক কাইয়ুম। সাভারের আইচা নোয়াদ্দা এলাকায় সংঘবদ্ধ মাদক কারবারিদের একটি চক্র তাদের ওপর অতর্কিত হামলা চালায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, হামলাকারীরা তিন সাংবাদিককে মারধর করে জিম্মি করে একটি গ্যারেজে নিয়ে যায়। সেখানে দেশীয় অস্ত্র দিয়ে নির্যাতনের পাশাপাশি দেশ টেলিভিশনের ব্যবহৃত গাড়ি ও ক্যামেরা ভাঙচুর করা হয়। এছাড়া সাংবাদিকদের সঙ্গে থাকা মোবাইল ফোন, প্রয়োজনীয় কাগজপত্র, ক্যামেরা, মেমোরি কার্ড ও ট্রাইপড ছিনিয়ে নেওয়া হয়।
ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করলেও মাদক সিন্ডিকেটের মূল হোতা শামীমসহ কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়। পরে তাদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকে। সর্বশেষ কক্সবাজার থেকে শামীমসহ তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
এদিকে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মামলার প্রধান আসামি শামীমের সঙ্গে সখ্যতা ও নিয়মিত যোগাযোগের অভিযোগে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়। একই ঘটনায় আসামিদের দ্রুত গ্রেপ্তারে ব্যর্থতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে সাভার মডেল থানার তৎকালীন ওসি আরমান আলীকেও দায়িত্ব থেকে সরিয়ে ঢাকা জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।
সাংবাদিক নেতৃবৃন্দ ও স্থানীয় সচেতন মহল হামলার সঙ্গে জড়িত সকল আসামির দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ