প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনার পর দীর্ঘ প্রায় দুই দশক ধরে আমিনবাজার থেকে হেমায়েতপুর সড়কের দুই পাশে জমে থাকা ময়লার ভাগাড় অপসারণ, দুর্গন্ধমুক্তকরণ এবং পরিবেশবান্ধব সৌন্দর্যবর্ধনের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শনিবার (১১ জুলাই) স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ কার্যক্রমের উদ্বোধন করেন এবং চলমান কাজ সরেজমিনে পরিদর্শন করেন।
জানা গেছে, সম্প্রতি প্রধানমন্ত্রী মানিকগঞ্জের সিংগাইরে বাংলাদেশ সেনাবাহিনীর বর্ষাকালীন মহড়া পরিদর্শনে যাওয়ার পথে আমিনবাজার-হেমায়েতপুর সড়কের দুই পাশে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার স্তূপ ও তীব্র দুর্গন্ধ প্রত্যক্ষ করেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে তিনি তাৎক্ষণিকভাবে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
প্রধানমন্ত্রীর নির্দেশনার পর স্থানীয় সরকার বিভাগ ঢাকা জেলা প্রশাসনকে দ্রুত ময়লার ভাগাড় অপসারণ, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ এবং পুরো এলাকাকে পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন পরিবেশে রূপান্তরের নির্দেশনা দেয়। সেই নির্দেশনা বাস্তবায়নে জেলা প্রশাসন, স্থানীয় সরকার বিভাগ ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে শুরু হয়েছে ব্যাপক কর্মসূচি।
শনিবার কার্যক্রম পরিদর্শনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। তারা চলমান কাজের অগ্রগতি পর্যালোচনা করেন এবং দ্রুততম সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নের নির্দেশনা দেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই উদ্যোগের আওতায় সড়কের দুই পাশের সব ময়লার ভাগাড় অপসারণ করে নির্ধারিত ল্যান্ডফিলে স্থানান্তর করা হবে। এরপর বালি ও মাটি দিয়ে ভরাট করে ঢাল সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হবে, যাতে বর্ষায় মাটি ধসে না পড়ে। পাশাপাশি সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে নিম, সুপারি, নারিকেলসহ বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হবে। ভবিষ্যতে কেউ যাতে অবৈধভাবে সেখানে ময়লা ফেলতে না পারে, সে জন্য সড়কের দুই পাশে উঁচু বেড়া নির্মাণ, সার্বক্ষণিক নজরদারি এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন,
"প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে কোনো ধরনের গাফিলতির সুযোগ নেই। আমিনবাজার-হেমায়েতপুর সড়ককে শুধু পরিচ্ছন্নই নয়, একটি দৃষ্টিনন্দন ও পরিবেশবান্ধব করিডোরে পরিণত করা হবে। সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।"
ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম বলেন,
"প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে জেলা প্রশাসন, স্থানীয় সরকার বিভাগ এবং সংশ্লিষ্ট সব সংস্থা একযোগে কাজ করছে। নির্ধারিত সময়ের মধ্যেই এই সড়ককে দুর্গন্ধমুক্ত, পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন পরিবেশে রূপান্তর করা হবে। একই সঙ্গে ভবিষ্যতে যাতে এখানে আর কেউ অবৈধভাবে ময়লা ফেলতে না পারে, সে বিষয়ে কঠোর নজরদারি ও আইনগত ব্যবস্থা নিশ্চিত করা হবে।"
স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে সড়কের পাশে জমে থাকা ময়লা ও দুর্গন্ধের কারণে চলাচল এবং আশপাশের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে পরিবেশের উন্নয়নের পাশাপাশি জনস্বাস্থ্য সুরক্ষা এবং এলাকার সৌন্দর্যও বহুগুণে বৃদ্ধি পাবে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ