নেত্রকোনার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে চিকিৎসকদের অবহেলায় এক রোগীর মৃত্যুর অভিযোগ তুলে বিক্ষোভ ও ভাঙচুর করেছেন স্বজন ও স্থানীয়রা। পরে পুলিশ ও স্থানীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
রোববার (১২ জুলাই) রাত প্রায় ১১টার দিকে শহরের জয়নগর এলাকায় অবস্থিত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে এ ঘটনা ঘটে।

নিহত সজীব মিয়া (পেশায় পিকআপচালক) শহরের আমগাছতলা এলাকার বাসিন্দা ও শুকুর আলীর ছেলে।
স্বজনদের অভিযোগ, রোববার সন্ধ্যায় গ্যাসের ব্যথা নিয়ে সজীব মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। কিছু সময় পর তার শারীরিক অবস্থার অবনতি হলেও বিদ্যুৎ না থাকার অজুহাতে দায়িত্বরত চিকিৎসক ডা. সুজন পাল যথাযথ চিকিৎসা দেননি। একপর্যায়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্বজন ও স্থানীয় লোকজন হাসপাতালে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে ক্ষুব্ধ জনতা হাসপাতালের বিভিন্ন অংশে ভাঙচুর চালায়। খবর পেয়ে নেত্রকোনা মডেল থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় নেতৃবৃন্দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. মাজহারুল ইসলাম বলেন, হাসপাতাল রোগীদের সেবা দেওয়ার জন্যই কাজ করে। চিকিৎসায় হাসপাতাল বা কোনো চিকিৎসকের গাফিলতি কিংবা ত্রুটি থাকলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে সব ধরনের চিকিৎসাসেবা দেওয়ার সক্ষমতা হাসপাতালের নেই এবং কিছু সীমাবদ্ধতা রয়েছে।
তিনি আরও জানান, রোগীর স্বজনদের সঙ্গে তার ফোনে কথা হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্তে চিকিৎসায় কোনো অবহেলার প্রমাণ পাওয়া গেলে হাসপাতাল কর্তৃপক্ষ সংশ্লিষ্টদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেবে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। সদর ফাঁড়ির একটি দলও হাসপাতালে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তবে চিকিৎসকদের বিরুদ্ধে আনা অবহেলার অভিযোগের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ