ঢাকার সাভারের ইসলামিয়া ডিজিটাল হাসপাতালে চিকিৎসার বিল পরিশোধ করতে না পেরে চরম অসহায় অবস্থায় পড়েছিলেন এক প্রসূতি। আর্থিক সংকট এতটাই প্রকট হয়ে ওঠে যে, নিজের নবজাতক সন্তানকে বিক্রি করার মতো হৃদয়বিদারক সিদ্ধান্তের কথাও ভাবছিলেন তিনি। এমন মর্মস্পর্শী ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিষয়টি জানতে পারেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা শাখার রাজনৈতিক সেক্রেটারি ও সাভার পৌরসভার মেয়র প্রার্থী হাসান মাহবুব মাস্টার।
খবর পেয়ে তিনি দ্রুত ইসলামিয়া ডিজিটাল হাসপাতালে ছুটে যান এবং পুরো বিষয়টি খোঁজখবর নেন। পরে তাঁর উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা শাখার নেতৃবৃন্দ হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় প্রসূতির চিকিৎসা ব্যয় ও হাসপাতালের সব বকেয়া বিল পরিশোধ করেন। পাশাপাশি মা ও নবজাতকের নিরাপদে বাড়ি ফেরারও ব্যবস্থা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা জামায়াতের আইন বিষয়ক সেক্রেটারি অ্যাডভোকেট মো. শহিদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক ও সাভার উপজেলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী লুৎফর রহমান মোল্লাহ এবং জেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি আসাদুজ্জামান জীম।
সহায়তা পেয়ে আবেগাপ্লুত প্রসূতি ও তাঁর পরিবারের সদস্যরা সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁদের ভাষ্য, এমন সংকটময় মুহূর্তে এই সহযোগিতা না পেলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত।
এ বিষয়ে হাসান মাহবুব মাস্টার বলেন, "মানবসেবা ইসলামের অন্যতম শিক্ষা। সমাজের অসহায়, দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। একজন মায়ের অসহায়ত্বের সুযোগ নিয়ে যেন কোনো পরিবার অমানবিক সিদ্ধান্ত নিতে বাধ্য না হয়, সে জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। আমরা অতীতেও মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও ইনশাআল্লাহ মানুষের কল্যাণে কাজ করে যাব।"
স্থানীয়দের মতে, মানবিক এই উদ্যোগ কেবল একটি পরিবারের সংকট দূর করেনি, বরং সমাজে সহমর্মিতা, মানবতা ও সামাজিক দায়িত্ববোধের একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। তারা বলেন, মানুষের দুর্দিনে পাশে দাঁড়ানোই প্রকৃত নেতৃত্বের পরিচয় এবং এ ধরনের উদ্যোগ সমাজের বিত্তবান ও সচেতন মানুষকেও মানবিক কাজে এগিয়ে আসতে উৎসাহিত করবে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ