জাপানের দক্ষিণাঞ্চলের কিউশু দ্বীপে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর সর্বোচ্চ ১ মিটার উচ্চতার সুনামির আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া সংস্থা (জেএমএ)। উপকূলীয় এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ ও উঁচু স্থানে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি (জেএমএ) জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল কুমামোতো প্রিফেকচারের উপকূলসংলগ্ন সমুদ্র এলাকায়, যার গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার।
জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকের খবরে বলা হয়েছে, সতর্কতা জারির পর কিছু এলাকায় ১ মিটার পর্যন্ত উচ্চতার ঢেউ আঘাত হানতে পারে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে কর্তৃপক্ষ।
ভূমিকম্পের পর প্রধানমন্ত্রী কার্যালয় জরুরি বৈঠক করে দ্রুত ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ এবং উদ্ধার কার্যক্রমে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছে। একই সঙ্গে মানুষের জীবন রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
কুমামোতো ছাড়াও নাগাসাকি, কাগোশিমা, ফুকুওকা, সাগা, ওইতা ও মিয়াজাকি প্রিফেকচারে জরুরি ভূমিকম্প সতর্কতা জারি করা হয়েছে।
এর আগে গত ২৫ জুন জাপানের উত্তরাঞ্চলে ৭ দশমিক ২ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলেও তাতে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি।
বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ জাপান প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত। ২০১১ সালে দেশটিতে ৯ দশমিক ০ মাত্রার ভয়াবহ ভূমিকম্প ও পরবর্তী সুনামিতে প্রায় ১৮ হাজার ৫০০ মানুষ নিহত বা নিখোঁজ হন। ওই দুর্যোগে ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রেও ভয়াবহ বিপর্যয় নেমে আসে।
সূত্র: এনডিটিভি
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ