টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের অভিযোগ নিয়ে স্বাধীন পরীক্ষা, স্বচ্ছতা ও নিয়ন্ত্রক সংস্থার জবাবদিহির আহ্বান অধ্যাপক ডা. হুমায়ুন কবীর বুলবুলের।

মাইক্রোপ্লাস্টিক নিয়ে সাম্প্রতিক আলোচনায় জনমনে উদ্বেগ যেমন তৈরি হয়েছে, তেমনি বিভ্রান্তিও কম নয়। একটি এনজিওর গবেষণা বলছে কিছু টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক রয়েছে; আবার সেই গবেষণার উদ্দেশ্য ও নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠছে। কেউ জনস্বার্থ দেখছেন, কেউ বাণিজ্যিক স্বার্থের গন্ধ পাচ্ছেন ।
চিকিৎসক হিসেবে আমরা সাধারণত প্রস্তুতকারকের বৈজ্ঞানিক তথ্য, নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন এবং প্রকাশিত গবেষণার ওপর ভিত্তি করেই রোগীকে পরামর্শ দিই। প্রতিটি পণ্য নিজেরা পরীক্ষাগারে নিয়ে বিশ্লেষণ করা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই নিরাপত্তার প্রথম দায়িত্ব প্রস্তুতকারী প্রতিষ্ঠানের, আর সেই নিরাপত্তা যাচাইয়ের প্রধান দায়িত্ব নিয়ন্ত্রক কর্তৃপক্ষের।
অনেকে বলছেন, মাইক্রোপ্লাস্টিক তো বাতাসে, পানিতে, এমনকি খাদ্যেও রয়েছে। কথাটি আংশিক সত্য। কিন্তু তাই বলে কোনো ভোক্তা-পণ্যে অপ্রয়োজনীয়ভাবে এর উপস্থিতিকে স্বাভাবিক বলে মেনে নেওয়ারও সুযোগ নেই। আবার কোনো গবেষণায় মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে বলেই সেটিকে তাৎক্ষণিক স্বাস্থ্যবিপর্যয়ের ঘোষণা দেওয়াও বৈজ্ঞানিক সততার পরিচয় নয়।
এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার।
প্রথমত, যে প্রতিষ্ঠান গবেষণাটি করেছে, তাদের গবেষণাপদ্ধতি, নমুনা নির্বাচন, পরীক্ষার মান এবং সম্ভাব্য স্বার্থসংঘাত (Conflict of Interest) সম্পর্কে পূর্ণাঙ্গ ব্যাখ্যা জনসমক্ষে আনা উচিত।
দ্বিতীয়ত, যেসব প্রস্তুতকারকের পণ্যের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাদেরও স্পষ্টভাবে জানাতে হবে—অভিযোগের সত্যতা কী, সংশ্লিষ্ট উপাদান থাকলে কেন ব্যবহৃত হয়েছে, এবং এর নিরাপত্তার পক্ষে তাদের বৈজ্ঞানিক ভিত্তি কী।
এরপর একটি স্বাধীন, স্বীকৃত ও নিরপেক্ষ পরীক্ষাগারে একই নমুনার পুনঃপরীক্ষা হওয়া উচিত এবং ফলাফল প্রকাশ করা উচিত জনগণের সামনে।
জনস্বাস্থ্যের প্রশ্নে আমরা কোনো কোম্পানির প্রতিনিধি নই, কোনো এনজিওর মুখপাত্রও নই। আমরা সত্যের পক্ষের মানুষ। কারণ বাজারের স্বার্থ, প্রতিষ্ঠানের সুনাম কিংবা সংগঠনের দাবি—সবকিছুর ঊর্ধ্বে মানুষের স্বাস্থ্য।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ