ঢাকার সাভারের মোফাজ্জল-মোমেনা চাকলাদার মহিলা ডিগ্রি কলেজে যথাযোগ্য ভাবগাম্ভীর্য, মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে কলেজে আলোচনা সভা, শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ এবং শহীদ ও আহতদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে তাদের সৃজনশীলতা ও দেশপ্রেমের পরিচয় তুলে ধরে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি ব্যারিস্টার শিহাব উদ্দিন খান। এছাড়াও কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার শিহাব উদ্দিন খান বলেন, "আধুনিক রাষ্ট্রব্যবস্থায় ফ্যাসিবাদ সর্বভাবে পরিত্যাজ্য। হাসিনার ফ্যাসিবাদ গেছে, কিন্তু কিছু কিছু ফ্যাসিবাদী চরিত্র বিভিন্ন স্থানে এখনো রয়ে গেছে। ফ্যাসিবাদী চরিত্র হলো ক্ষমতার অপব্যবহার, স্বৈরাচারী আচরণ, স্বজনপ্রীতি ও দুর্নীতি। আজকের এই দিনে সবাইকে ফ্যাসিবাদী চরিত্রমুক্ত হওয়ার দীক্ষা নিতে হবে। সেই সঙ্গে ফ্যাসিবাদের করুণ পরিণতি সম্পর্কেও শিক্ষা গ্রহণ করতে হবে।"
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা কেবল একটি ঐতিহাসিক ঘটনা স্মরণ করার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক, জবাবদিহিমূলক এবং বৈষম্যহীন রাষ্ট্র গঠনের অঙ্গীকারকে ধারণ করার মধ্যেই এর প্রকৃত তাৎপর্য নিহিত। তরুণ প্রজন্মকে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হওয়ার আহ্বান জানান তিনি।
আলোচনা সভার আগে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও কলেজের শিক্ষকবৃন্দ। পরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
আয়োজকরা জানান, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, আত্মত্যাগ এবং গণতান্ত্রিক মূল্যবোধ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। দিনব্যাপী এ কর্মসূচি শিক্ষার্থী ও উপস্থিত সবার মধ্যে গভীর দেশপ্রেম, দায়িত্ববোধ এবং গণতান্ত্রিক চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ