সাভারের ফকির মোহাম্মদ আমান উল্লাহ মেমোরিয়াল হাই স্কুলের উদ্যোগে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়ে গেল 'প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬'। আজ ৬ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার বিকেল ৩:৩০ মিনিটে স্কুল প্রাঙ্গণে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও আসন্ন বিরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শাহিনুর রহমান শাহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও ফুটবল টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি ফরহাদ শিরালী, বিরুলিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো: আল-আমিন এবং ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর হোসেন। এ ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শত শত ক্রীড়ামোদী দর্শক মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।
টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে মুখোমুখি হয় স্কুলের ৮ম শ্রেণি ও ৯ম শ্রেণির ক্ষুদে ফুটবলাররা। মাঠে টানটান উত্তেজনাপূর্ণ এই খেলায় ৮ম শ্রেণির দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন সাইদ হাসান শাফি এবং ৯ম শ্রেণির অধিনায়কত্ব করেন সাব্বির দেওয়ান।
উভয় দলের আক্রমণ ও পাল্টা-আক্রমণে মাঠের লড়াই হয়ে ওঠে তীব্র ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। শেষ পর্যন্ত মাঠের নৈপুণ্যে ৮ম শ্রেণির টিমকে পরাজিত করে টুর্নামেন্টের শিরোপা জয়ের গৌরব অর্জন করে ৯ম শ্রেণির টিম। অন্যদিকে বীরত্বপূর্ণ লড়াই চালিয়ে রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় ৮ম শ্রেণির দলকে।
খেলা শেষে আমন্ত্রিত অতিথিরা বিজয়ী ও বিজিত দলের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার জন্য স্কুল কর্তৃপক্ষের এই ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ