ময়মনসিংহ নগরীর ১ নম্বর পুলিশ ফাঁড়ির ২৭ জন পুলিশ সদস্য কে বদলি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে ‘ফ্যাক্ট ক্লারিফিকেশন’ দিয়েছে ময়মনসিংহ জেলা পুলিশ। জেলা পুলিশ এর বক্তব্য এসব বদলির সঙ্গে ২১ আগস্টের যুবলীগের মিছিলের কোনো সম্পর্ক নেই।
অদ্য ২৫ আগস্ট -২০২৬ ইং তারিখ মঙ্গলবার ময়মনসিংহ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। ময়মনসিংহ জেলা পুলিশের স্বাভাবিক কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন থানা, ফাঁড়ি ও অন্যান্য ইউনিটে নিয়মিত বদলি কার্যক্রম পরিচালিত হয়। এরই ধারাবাহিকতায় ১ নম্বর পুলিশ ফাঁড়ির সদস্যদেরও বদলি করা হয়েছে। জেলা পুলিশ জানায়, গত ১৯ ও ২০ আগস্ট ২০২৬ তারিখে পৃথক দুটি আদেশের মাধ্যমে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বদলি করা হয়।
অর্থাৎ, বদলি আদেশ দুটি একযোগে দেওয়া হয়নি। একই সঙ্গে এসব আদেশ ২১ আগস্ট অনুষ্ঠিত যুবলীগের মিছিলের আগেই স্বাক্ষরিত হয়েছে। ফলে বদলি আদেশের সঙ্গে ওই মিছিলের ঘটনাকে সম্পৃক্ত করার কোনো সুযোগ নেই বলে দাবি করেছে জেলা পুলিশ।
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে সংশ্লিষ্ট এক ব্যক্তির বরাত দিয়ে বদলির কারণ হিসেবে যুবলীগের মিছিলের বিষয়টি উল্লেখ করা হয়েছে—এ প্রসঙ্গেও ব্যাখ্যা দিয়েছে জেলা পুলিশ।
জেলা পুলিশের বক্তব্য অনুযায়ী, ওই ব্যক্তির বরাত দিয়ে যে তথ্য প্রকাশ করা হয়েছে, তা কেবল বদলি আদেশের সত্যতা নিশ্চিত করার বিষয়ে ছিল। বদলি কোনো নির্দিষ্ট ঘটনার কারণে হয়েছে—এমন বক্তব্য তিনি দেননি এবং এ বিষয়ে তাকে কোনো প্রশ্নও করা হয়নি। বরং তিনি জানিয়েছিলেন, পুলিশ বিভাগের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে জনস্বার্থে এসব বদলি করা হয়েছে।
এ বিষয়ে জেলা পুলিশ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ‘অসত্য’ তথ্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং প্রকৃত তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ