আইনশৃঙ্খলার রক্ষক যখন নিজেই ভক্ষকের ভূমিকায়, তখন সাধারণ মানুষের আস্থা হোঁচট খায়। চট্টগ্রামের বাঁশখালীতে ঘুষ গ্রহণের মতো গুরুতর অভিযোগে রামদাস হাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সুমন কবির মৃধাকে, তাৎক্ষণিকভাবে পুলিশ ফাঁড়ি থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সচেতন মহল এবং পুলিশ প্রশাসনের অভ্যন্তরে চরম বিচলিত ও গম্ভীর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে যে, একটি চুরির মামলার তদন্ত ও আইনি প্রক্রিয়াকে প্রভাবিত করার বিনিময়ে অভিযুক্ত ওই পুলিশ কর্মকর্তা ভুক্তভোগীর কাছে মোটা অঙ্কের অর্থ দাবি ও গ্রহণ করেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসার পর প্রাথমিক সত্যতা পাওয়ায় গতকাল ২৮ আগষ্ট (শুক্রবার) তারিখে তার বিরুদ্ধে দ্রুত এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। এই ঘটনা নিয়ে বাঁশখালীর সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পুলিশের মতো একটি স্পর্শকাতর পেশায় যুক্ত থেকে যারা ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতির আশ্রয় নেন, তাদের কারণে পুরো বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা। একই সাথে, অপরাধী যেই হোক, ছাড় না দেওয়ার এই প্রশাসনিক সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন অনেকে।
পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছে, বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণকারী যেকোনো অপকর্মের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি বজায় রাখা হবে। অভিযুক্ত এসআই এর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে এবং অভিযোগ প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ