রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর ব্যাগ ধরে হেচকা টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন দু’জনকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার রাতে মো. পনি ওরফে প্যারা পনি ও তার এক সহযোগীকে গ্রেফতার করে র্যাব। এ সময় পনির ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
রবিবার বিকাল চারটায় মোহাম্মদপুরের বসিলায় র্যাব-২-এর সদর কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে র্যাব।
শনিবার হাসপাতালে যাওয়ার পথে রাজধানীর সংসদ ভবন এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়ে প্রাণ হারান শিক্ষিকা রনজিনা পারভীন রুলি (৫৫)। তিনি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন।
গত শুক্রবার রাতে বগুড়া থেকে স্বামী আব্দুল মতিনের সঙ্গে ঢাকায় আসেন রনজিনা পারভীন। ভোরে গাবতলী বাস টার্মিনালে নেমে রিকশায় করে স্বামীর সঙ্গে তিনি ফার্মগেটের ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে চোখের চিকিৎসার জন্য যাচ্ছিলেন। যাওয়ার পথে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে আসতেই একটি মোটরসাইকেলে এসে রিকশার পেছন থেকে ব্যাগ ধরে হেচকা টান দেয় ছিনতাইকারীরা। এ ঘটনায় তিনি রিকশা থেকে নিচে পড়ে যান। তার মাথা ফেটে যায়। পরে তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত শিক্ষিকার স্বামী বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ