রাব্বুলের জোড়া গোলের ঝলকে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা ঘরে তুলেছে ঈশ্বরগঞ্জ উপজেলা দল। শ্বাসরুদ্ধকর ফাইনালে ত্রিশাল উপজেলা দলকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট পরে তারা। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। একের পর এক আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। শেষ পর্যন্ত ঈশ্বরগঞ্জের ১১ নম্বর জার্সিধারী রাব্বুলের দুই গোলই পার্থক্য গড়ে দেয়। ত্রিশাল একটি গোল শোধ করলেও কাঙ্ক্ষিত সমতায় আর ফিরতে পারেনি। ৭০ মিনিটের ফাইনাল দেখতে বিকেল থেকেই জেলা স্টেডিয়ামে জড়ো হতে থাকেন ক্রীড়াপ্রেমীরা। ম্যাচ শুরুর পর কানায় কানায় পূর্ণ হয়ে যায় গ্যালারি। দুই দলের সমর্থকদের উল্লাস, স্লোগান ও করতালিতে পুরো স্টেডিয়াম পরিণত হয় উৎসবের মঞ্চে।ফাইনাল শেষে বিজয়ী ঈশ্বরগঞ্জ ও রানার্সআপ ত্রিশাল দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। দুই দলের মধ্যে মোট এক লাখ ৫০ হাজার টাকার পুরস্কারও বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ করেন ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন।
ব্যক্তিগত নৈপুণ্যেও আলো ছড়িয়েছেন কয়েকজন খেলোয়াড়। পুরো টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্সের জন্য মারুফ নির্বাচিত হয়েছেন টুর্নামেন্টসেরা খেলোয়াড়। সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন স্বাধীন। আর ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন কাইসার। ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গেস্ট অফ ওনার হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মো. মাহাবুবুর রহমান, ঈশ্বরগঞ্জ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ফুলবাড়িয়া আসনের সংসদ সদস্য মুহাঃ কামরুল হাসান মিলন, সিটি কর্পোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন, জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এ.কে.এম মাহবুবুল আলম এবং সদস্য এনামুল হক আকন্দ লিটন। এ সময় জেলা ক্রীড়া অফিসার আল আমিন, বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য হারুন অর রশীদ, শহীদুল আমীন খসরুসহ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফাইনালে দুই দলের খেলোয়াড়, কোচ, ম্যানেজার, ক্রীড়াপ্রেমী দর্শক ও গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।
‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় গত ২৫ আগস্ট শুরু হয় এবারের জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। ময়মনসিংহ সদর উপজেলাসহ জেলার ১৪টি দল এতে অংশ নেয়।
দীর্ঘ প্রতিযোগিতার পর ফাইনালে এসে ত্রিশালকে হারিয়ে শেষ হাসি হাসল ঈশ্বরগঞ্জ। রাব্বুলের জোড়া গোল আর সতীর্থদের লড়াকু ফুটবলে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ এখন ঈশ্বরগঞ্জের ঘরে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ