সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো—দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামের আজগার আলীর ছেলে আব্দুল্লাহ (৮) এবং কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের আমিনুর বিশ্বাসের ছেলে ইকবাল হোসেন (৭)।
ইউপি সদস্য ও স্থানীয় সূত্রে জানা যায়, ইকবাল হোসেন সোনাতলা গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে এসেছিল। শুক্রবার জুমার নামাজের সময় পরিবারের সদস্যরা নামাজ আদায় করতে গেলে ওই সময় ইকবাল ও আব্দুল্লাহ বাড়ির পাশের আবুবক্কর শেখের পুকুরের কাছে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত তারা দুজনই পুকুরের পানিতে পড়ে ডুবে যায়।
বিষয়টি প্রথমে স্থানীয় আকবর গাজীর স্ত্রী নাহার বেগমের নজরে আসে। তিনি শিশু দুটিকে পানিতে দেখতে পেয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে স্থানীয়রা পুকুরে নেমে দুই শিশুকে উদ্ধার করেন। তবে ততক্ষণে তারা মারা যায়।
ঘটনার খবর পেয়ে কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশান্ত কুমার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিষয়টি সম্পর্কে খোঁজখবর নেন।
এদিকে, দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার আলী। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
দুই শিশুর আকস্মিক মৃত্যুতে সোনাতলা ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ