ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’- এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহ জেলায় শুরু হয়েছে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। অদ্য ১৯ সেপ্টেম্বর -২০২৬ ইং তারিখ শনিবার বিকেলে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে বেলুন উড়িয়ে জমকালো আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এ. কপ. এম মাহবুবুল আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন এবং ময়মনসিংহ জেলা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে ফখর উদ্দিন আহমেদ বাচ্চু বলেন, স্বতঃস্ফূর্তভাবে প্রত্যেকটি উপজেলার ছেলেমেয়েরা খেলাধুলায় অংশগ্রহণ করলে ময়মনসিংহ সারা বাংলাদেশের মধ্যে পড়াশোনা ও খেলাধুলায় প্রথম পর্যায়েই থাকবে। তরুণদের মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।
নারী ফুটবলারদের প্রতিভা বিকাশে তৃণমূল পর্যায়ে নিয়মিত প্রতিযোগিতার আয়োজন বাড়াতে হবে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ তৈরি করে।
নারী ফুটবলারদের সুযোগ সৃষ্টি করা গেলে ময়মনসিংহ থেকে জাতীয় পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড় বেরিয়ে আসবে। নতুন প্রজন্মকে মাদক ও অনলাইন থেকে দূরে রাখতে আমাদের এ আয়োজন অব্যাহত থাকবে। ময়মনসিংহ সদর উপজেলা ও ভালুকা উপজেলা উইমেন্স দলের খেলার মাধ্যমে পর্দা উঠলো এ টুর্নামেন্টের।
এতে ভালুকা উপজেলা দল ২-০ গোলে ময়মনসিংহ সদরকে হারিয়েছে। একই দিনে অপর ম্যাচে অংশ নেয় মুক্তাগাছা ও গফরগাঁও উপজেলা নারী দল।
গ্যালারিতে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থা ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত এ টুর্নামেন্টে জেলার ১৪টি নারী দল অংশ নিচ্ছে। আগামী ১ অক্টোবর বিকেল ৪টায় ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হবে।
সম্পাদক: ডাঃ মির্জা মহিবুল হাছান, নির্বাহী সম্পাদক: মির্জা রকিবুল হাসান, সহকারী ব্যবস্থাপক: ফরিদুল আলম.
কার্যালয়: 70/E, Purana Paltan Line, 5th Floor, Dhaka-1000. নিউজ ও বিজ্ঞাপন : 01611507422 ইমেইল: bongosangbad.news@gmail.com, dailybongoshanbad@gmail.com
সর্বস্বত্ব সংরক্ষিত বঙ্গ সংবাদ